তরুণ উদ্যোক্তা তৈরিতে ১ হাজার কোটি টাকার তহবিল গঠন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় নতুন উদ্যোক্তাদের কম সুদে ঋণ দেওয়ার পাশাপাশি ঋণ পরিশোধ ও ব্যবসার সাফল্যের ভিত্তিতে অনুদান দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিকভাবে এ তহবিল থেকে ৫০০ কোটি টাকা ঋণ এবং ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অন্তত ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর প্রতিনিধিদের বৈঠকে এ উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন ও অনুদান প্যাকেজ নিয়ে কাজ চলছে। যেসব তরুণ ব্যবসা শুরু করতে আগ্রহী, কিন্তু প্রয়োজনীয় মূলধনের অভাবে তা করতে পারছেন না, তাদের এ উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এ ঋণের সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার কথা ভাবা হচ্ছে। ফলে প্রচলিত ব্যাংকঋণের তুলনায় তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থের ব্যয় উল্লেখযোগ্যভাবে কম হবে।
জামানত ছাড়াই ঋণ : এ উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো, তরুণ উদ্যোক্তাদের ঋণের বিপরীতে কোনো জামানত নেওয়া হবে না। ফলে জমি, বাড়ি বা অন্য কোনো সম্পদ বন্ধক দেওয়ার সক্ষমতা না থাকলেও সম্ভাবনাময় তরুণরা ব্যবসা শুরুর জন্য ব্যাংকঋণ পাওয়ার সুযোগ পাবেন।
তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তার ব্যবসার সম্ভাবনা, দক্ষতা, উদ্যোগ এবং প্রকল্পের বাস্তবায়ন সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।
মাসরুর আরেফিন বলেন, শুধু ঋণ দিয়ে তরুণদের উদ্যোক্তা বানানোই এ কর্মসূচির লক্ষ্য নয়। ব্যবসা টিকিয়ে রাখা এবং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তাদের উৎসাহ দিতে অনুদানের ব্যবস্থাও রাখা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, কোনো উদ্যোক্তা ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করলে এবং তার ব্যবসা ভালোভাবে পরিচালিত হলে পরবর্তী সময়ে যোগ্যতার ভিত্তিতে অনুদান পাওয়ার সুযোগ তৈরি হবে। উদাহরণ হিসেবে, কোনো উদ্যোক্তা ১০ লাখ টাকা ঋণ নিলে পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ থাকতে পারে।
উপজেলা পর্যায়ে উদ্যোক্তা বাছাই : তহবিলের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে উপজেলা পর্যায়কে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক বা নির্ধারিত কমিটির মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তা চিহ্নিত ও যাচাই করা হবে। এতে তদবির, রাজনৈতিক বা স্থানীয় প্রভাবের মাধ্যমে অযোগ্য ব্যক্তির ঋণ পাওয়ার সুযোগ কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
