হামে আরও ৪ শিশুর মৃত্যু
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে গত শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে ২৪ ঘণ্টায় ৯৭২ জন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭৩০ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে মোট মৃত্যুর সংখ্যা ৯৯ জনে পৌঁছেছে। বিশেষজ্ঞরা হামের প্রাদুর্ভাব রোধে শিশুদের সঠিক সময়ে টিকা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। সংক্রামক এই রোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ দেশের প্রতিটি জেলায় প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা জোরদার করেছে।
