বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য মনোনীত
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
গতকাল শনিবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বিএনপি আশা প্রকাশ করে, উল্লিখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতায় সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।
