কাপ্তাই লেকে অবৈধ দখলদারদের তালিকা দিতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই লেকের সীমানা জরিপ করে এর ভেতরে থাকা অবৈধ স্থাপনার মালিকদের নামণ্ডঠিকানাসহ তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী চার মাসের মধ্যে যৌথভাবে জরিপ শেষ করে প্রতিবেদন দাখিল করতে রাঙামাটির জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত আগামী ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল ও পরবর্তী আদেশের জন্য দিন রেখেছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের পর মনজিল মোরসেদ বলেন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কাপ্তাই লেক সৃষ্টি করা হলেও বর্তমানে অনেকে ‘অবৈধভাবে লেক দখল করে অবস্থান করছেন এবং দূষণ ঘটাচ্ছেন’।

তিনি বলেন, কাপ্তাই লেকের অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে গত বৃহস্পতিবার একটি সম্পূরক আবেদন দাখিল করা হয়েছিল। এর আগে উচ্ছেদের আদেশ হলেও অনেকে দাবি করেছিলেন যে তারা দখলদার নন এবং সেখানে তাদের জায়গা রয়েছে।

উচ্ছেদ অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রকৃত দখলদার চিহ্নিত করতে সীমানা জরিপের প্রয়োজনীয়তার কথা জানান এই আইনজীবী। তিনি বলেন, উচ্ছেদ অভিযান শুরু হলে বর্তমানে অনেক অবৈধ দখলদার নিজেদের জমির মালিক বলে দাবি করছেন, যে কারণে তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। প্রকৃত দখলদারদের চিহ্নিত করতে সীমানা জরিপ করা অত্যন্ত জরুরি। কাপ্তাই লেকের সীমানা নির্ধারণে আগে জটিলতা থাকার কারণও ব্যাখ্যা করেন মনজিল মোরসেদ। তিনি বলেন, লেক তৈরির সময়কার সীমানা-সংক্রান্ত রেকর্ড জেলা প্রশাসনের কাছে না থাকায় আগে জরিপ করা সম্ভব হয়নি। এ কারণে এবার জেলা প্রশাসনের পাশাপাশি জরিপ অধিদপ্তরকেও জরিপের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২২ সালের ১৭ অক্টোবর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিটের শুনানি শেষে কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে রুল জারি ও জরিপের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম শুরু হলে প্রকৃত অবৈধ দখলদার চিহ্নিত করতে সীমানা জরিপের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন রাঙামাটির জেলা প্রশাসককে জরিপ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জরিপ অধিদপ্তরের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।