৩৮ আসামির অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এই অভিযোগ আমলে নেন।

রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ এই মামলার চার আসামি গ্রেপ্তার আছেন। তাঁদের ২৩ আগস্ট ট্রাইব্যুনাল-২-এ হাজির করতে বলা হয়েছে।

খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ এই মামলার ৩৪ আসামি পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল-২। এই আসামিদেরও গ্রেপ্তার করে ২৩ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এর আগে গত ৩০ জুলাই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে রাষ্ট্রপক্ষ।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামের দুজন আন্দোলনকারীকে হত্যা করা হয়। অনেককে গুরুতর আহত করা হয়। মানবতাবিরোধী অপরাধের এই ঘটনায় মামলাটি হয়।