জেমিনি ব্যবহারে সুখবর

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভিডিও ও গানে থাকা দৃশ্যমান জলছাপ সরানোর সুযোগ দিতে যাচ্ছে গুগল। শিগগিরই জেমিনি ব্যবহারকারীরা চাইলে এই জলছাপ বন্ধ করতে পারবেন। তবে কনটেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হলেও এমন তথ্য গোপনে সংরক্ষিত থাকবে। গুগল শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন সুবিধাটি জেমিনি, ফ্লো এবং গুগলের কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেলে চালু হবে।

গুগলের জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, দৃশ্যমান জলছাপ বন্ধ করলেও গোপন জলছাপ ও অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য মুছে যাবে না। ফলে কোনো ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না তা পরে শনাক্ত করা যাবে।

গুগলের তৈরি গোপন জলছাপের নাম সিন্থ আইডি। এটি ছবির ভেতরে এমনভাবে যুক্ত থাকে যা সাধারণভাবে চোখে দেখা যায় না। গুগলের এ পরিবর্তনের লক্ষ্য সৃজনশীল কাজকে আরও সহজ করা। দৃশ্যমান জলছাপ অনেক সময় ছবি বা ভিডিওর নকশা ও ব্যবহারে বাধা তৈরি করে। বিশেষ করে পেশাদার কাজের ক্ষেত্রে এটি সমস্যার কারণ হতে পারে।