ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার পরিণতির প্রমাণ হাসিনার পলায়ন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার পরিণতি কী হতে পারে, শেখ হাসিনার পলায়ন তার প্রত্যক্ষ প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, হিটলার থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন স্বৈরাচারী শাসক কৃত্রিম শত্রু তৈরি করে সমাজে বিভাজন সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ফ্যাসিবাদী মনস্তত্ত্বের সেই কৌশল ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বাক্?স্বাধীনতা নিষিদ্ধ করে জনগণের সঙ্গে কোনো নেতার সংযোগ বিচ্ছিন্ন করা যায় না। কোনো ব্যক্তি বা চক্রান্ত হয়তো কিছু সময়ের জন্য সফল হতে পারে, কিন্তু ফ্যাসিবাদী মনোজগত ইতিহাসে বারবার ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ইতিহাস থেকে শেখ হাসিনা যে শিক্ষা নেননি, তা ৫ আগস্ট হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে স্পষ্ট বোঝা গেছে। শিক্ষা নিলে বড়জোর প্রধানমন্ত্রীর আসন থেকে বিরোধী দলের আসন পর্যন্তই তার যাত্রা সীমাবদ্ধ থাকত। ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গে হিটলারের উদাহরণ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম শত্রু তৈরি করে সমাজে বিভক্তি ঘটিয়ে ফ্যাসিবাদী শাসকরা নিজেদের ধ্বংসের পথ বেছে নেয়।
২০০৯ থেকে ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ৫ আগস্টের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আবহ সম্পূর্ণ ভিন্ন। তৎকালীন সময়ে তারেক রহমানের ওপর নানা বিধিনিষেধ আরোপ করে তাকে দেশের বাইরে নির্বাসিত করে রাখা হয়েছিল। দেশে যেন তার বক্তব্য বা কোনো তথ্য প্রচারিত হতে না পারে, সেজন্য আইন করে তার প্রচার নিষিদ্ধ করা হয়েছিল।
মন্ত্রী বলেন, আমাদের মতো দেশে গণতন্ত্র, মানবাধিকার ও সংসদীয় রাজনীতির জন্য সংগ্রাম করতে হয়। এই ধরনের পরিস্থিতি নতুন নয়। কখনও কোনো রাজনৈতিক নেতা, এমনকি পুরো দেশের মানুষের জন্যও একটি ‘নিষিদ্ধ সময়’ নেমে আসতে পারে। কিন্তু সময় পেরিয়ে গেলে পেছনে ফিরে তাকালে সেই সময়কে একটি কালো মেঘে আচ্ছন্ন সময় বলেই মনে হয়। তিনি আরও বলেন, ইমরুল কায়েস বইটির নাম ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ দিয়ে একটি ঐতিহাসিক সত্যকে রূপক অর্থে অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।
প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বইটির লেখক ইমরুল কায়েস। স্বাগত বক্তব্য দেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আইয়ুব।
