কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড

দেশে এলো ছয় বাংলাদেশির লাশ

একজনকে ভারতেই সৎকার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গত ১৯ আগস্ট ২০২৬ কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের লাশ গতকাল শনিবার দেশে এসে পৌঁছেছে। নিহত সপ্তম ব্যক্তির লাশ পরিবারের ইচ্ছানুযায়ী কলকাতাতেই সৎকার করা হয়েছে। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর থেকেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ এবং নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং লাশ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর শুক্রবার রাতে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের লাশ গত শনিবার সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়। পরে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী; একই পরিবারের চারজনের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে শনিবার বিকালে দেশে আনা হয়েছে। এছাড়া ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের লাশও একই সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হয়। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন লাশ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। সপ্তম ব্যক্তি সাতক্ষীরার নিহত রেপতি সরকারের লাশ তার পরিবারের ইচ্ছানুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিক ও অন্যান্য সব ধরনের সহযোগিতা প্রদান করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।