বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা : রিজভী
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি
পেয়েছে। বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র সত্ত্বেও দলটি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় নেতাদের ওপর থাকবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। দলীয় প্রতীক না থাকায় এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন :
বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গতকাল দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ফাতেহা পাঠ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিট এবং দলটির সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
