মানবাধিকার কমিশন বিল

সংসদীয় কমিটিতে আলোচনায় অংশ নেয়নি বিরোধী দল

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সংসদ সদস্যরা| বিলটি পাসের প্রক্রিয়ার কোনো পর্যায়েই অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা| এর কারণ সংসদীয় কমিটির কাছে লিখিতভাবে তুলে ধরা হয়েছে|

গত বৃহস্পতিবার বিলটি সংসদে তোলার পর সেটা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়| গতকাল রোববার সকালে জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক ছিল| বৈঠকে সম্পত্তি হস্তান্তর বিল ও জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনার কথা ছিল| সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আলোচনা অংশ নিলেও দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সংসদ সদস্যরা| তারা তখন বৈঠক থেকে বেরিয়ে যান| আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান এ কথা সাংবাদিকদের জানান| আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের তিন সংসদ সদস্য আছেন| তারা হলেন নাজিবুর রহমান, আল ফারুক আব্দুল লতিফ ও আখতার হোসেন| এই তিন সংসদ সদস্য কমিটির কাছে লিখিত বক্তব্যে তাঁদের অবস্থান তুলে ধরেছেন| সেটি সাংবাদিকদেরও দেওয়া হয়েছে|

লিখিত বক্তব্যে বলা হয়েছে, সরকার ভুক্তভোগী, অংশীজন ও দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর মতামত উপেক্ষা করে একতরফাভাবে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ রহিত করেছে| বাতিলের সময় সরকার আরও শক্তিশালী আর কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু বাস্তবে তার চেয়ে দুর্বল ও সীমিত পরিসরের একটি বিল সংসদে উপস্থাপন করা হয়েছে|

আরও বলা হয়েছে, প্রস্তাবিত বিলটি জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক জোটের স্বীকৃত মানদণ্ড, প্যারিস প্রিন্সিপালস এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশন ও ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়| সংসদীয় স্থায়ী কমিটিকে মাত্র দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ে অংশীজনদের সঙ্গে যথাযথ মতবিনিময় এবং স্বাধীনভাবে বিলটি পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া সুযোগ কার্যত সীমিত করা হয়েছে| এর ফলে স্থায়ী কমিটিকে একটি 'রাবার স্ট্যাম্পে' পরিণত করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে|

তিন সংসদ সদস্য চিঠিতে বলেছেন, এসব কারণে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিরোধী দলীয় সদস্যরা এ বিলের কোনো আলোচনা কিংবা পর্যালোচনায় অংশ না নেওয়া এবং বিলটি পাসের প্রক্রিয়ার কোনো পর্যায়েই অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন| তারা স্থায়ী কমিটির বৈঠক না থাকার সিদ্ধান্তও নিয়েছেন|