গুম অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবিতে ১১ দলের স্মারকলিপি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গুম অধ্যাদেশ কোনো রকম পরিবর্তন না করে আইনে রূপান্তর করার দাবি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট| গতকাল রোববার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর বাংলামোটর মোড় থেকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে পদযাত্রা করে বিকাল সাড়ে ৪টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসে| এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি জমা দেয় জোটটি|
পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ ১১ দলের শীর্ষ নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন| এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলের শীর্ষ নেতাদের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের স্বজন ও ভুক্তভোগীরাও পদযাত্রায় অংশ নেন| স্মারকলিপি জমা দেওয়ার পরে সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, এ সরকার ক্ষমতায় আসার পরে জুলাই সনদকে অস্বীকার করেছে| গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করেছে| আমরা গুম অধ্যাদেশ সংরক্ষণের দাবি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছি| গুম অধ্যাদেশ আইনে রূপান্তর করার দাবি জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান জানান, অধ্যাদেশে যেসব বিধান রয়েছে, সেগুলো কোনো পরিবর্তন না করে আইনে রূপান্তর করতে হবে|
এ সময় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেন, হাসিনার আমলের সব গুমের বিচার করতে হবে| বিএনপি সরকার আসার পরে গুমের সব কিছুই দুর্বল করে দিয়েছে|
তিনি আরও বলেন, অন্তরর্বতীকালীন সরকারের সময়ে গুম অধ্যাদেশ জারি করা হয়েছিল| বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সর্বপ্রথম গণভোট প্রত্যাখ্যান করে গুম অধ্যাদেশ বাতিল করেছে| আমরা গুম অধ্যাদেশ বহাল চাই| জানা যায়, সংসদের স্পিকারের কাছে স্মারকলিপিতে অন্তরর্বতী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো কোনো পরিবর্তন ছাড়াই আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে|
