জি-মেইলের স্টোরেজ খালি করা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

প্রতিদিনের ব্যবহারের ফলে জিমেইলের ইনবক্সে জমতে থাকে পুরোনো ই-মেইল, ছবি, ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্টের অ্যাটাচমেন্ট| একপর্যায়ে দেখা যায় গুগল অ্যাকাউন্টের নির্ধারিত স্টোরেজ প্রায় শেষ| এতে কেবল জিমেইলই নয়, গুগল ড্রাইভ ও গুগল ফটোস ব্যবহারের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়; কারণ একটি গুগল অ্যাকাউন্টের ১৫ জিবি ফ্রি স্টোরেজ মূলত এই সেবাগুলোর মধ্যে ভাগ করা থাকে| তবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই অপ্রয়োজনীয় ফাইল ও ই-মেইল মুছে জিমেইলের স্টোরেজ অনেকটাই খালি করা সম্ভব|
বড় আকারের অ্যাটাচমেন্ট মুছে ফেলা : জিমেইলের সার্চ বার ব্যবহার করে সহজেই বড় ফাইল সংবলিত ই-মেইলগুলো খুঁজে বের করা যায়| উদাহরণস্বরূপ, সার্চ বক্সে has:attachment larger:10M লিখে সার্চ করলে ১০ মেগাবাইটের চেয়ে বড় অ্যাটাচমেন্ট থাকা ই-মেইলগুলো সামনে আসবে| এর মধ্য থেকে অপ্রয়োজনীয় মেইলগুলো সিলেক্ট করে মুছে ফেলা সম্ভব|
পুরোনো ও প্রচারণামূলক ই-মেইল ডিলিট করা : বছরের পর বছর জমে থাকা প্রমোশনাল বার্তা, নিউজলেটার ও অপ্রয়োজনীয় নোটিফিকেশন প্রচুর জায়গা দখল করে| প্রয়োজন নেই-এমন মেইলগুলো নিয়মিত ছেঁটে ফেলুন|
ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডার খালি করা : শুধুমাত্র ইনবক্স থেকে ই-মেইল ডিলিট করলেই স্টোরেজ সঙ্গে সথে খালি হয় না| ডিলিট করা মেইলগুলো ট্র্যাশ ফোল্ডারে এবং প্রমোশনাল নোংরা মেইল স্প্যাম-এ জমা থাকে| স্টোরেজ পুরোপুরি খালি করতে ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডার পরিষ্কার করতে হবে|
গুগল ওয়ান স্টোরেজ ম্যানেজার ব্যবহার করা : কোন সেবাটি (জিমেইল, ড্রাইভ নাকি ফটোস) ঠিক কতটা জায়গা দখল করে আছে, তা জানতে Google One Storage Manager ব্যবহার করা যেতে পারে| এখান থেকে অ্যাপ অনুযায়ী অপ্রয়োজনীয় বড় ফাইল বা ভিডিওগুলো সহজে চিহ্নিত করে মুছে দেওয়া যায়|
