হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে হামের প্রাদুর্ভাব কমছেই না। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায়ও সারাদেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১২৩১ শিশু। গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে- মোট ৮৮০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। অর্থাৎ, এসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ শিশু মারা গেছে। ২৪ ঘণ্টায় ৭২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন। এসময়ে ১০৭৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১০৫৪ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
