গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন সংকট তৈরি হতে পারে

বললেন জামায়াত আমির

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াত আমির ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা করেছেন।

গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে সংকট তৈরি হতে পারে বলে মতবিনিময় সভায় উল্লেখ করেছেন জামায়াতের আমির। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ভিন্নমত থাকলে তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছেন ইলেকট্রনিক গণমাধ্যমের কয়েকজন শীর্ষ নির্বাহী। তাদের মতে, যারা গণভোটের রায় নিয়ে ভিন্নমত পোষণ করেন, তাদের স্পষ্টভাবে জানানো উচিৎ-তারা জনগণের রায় মেনে নেবেন কি না। ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, মতবিনিময় সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, জনজীবনের দুর্ভোগ, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত গঠন ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন জামায়াত আমির। বিরোধীদলীয় নেতা গণমাধ্যমের দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। একই সঙ্গে জামায়াতের কার্যক্রম নিয়ে কোনো ভালো পরামর্শ বা সমালোচনা থাকলে তা খোলামেলাভাবে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বৈঠকে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা তাদের খাতের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছেন। বিশেষ করে প্রিন্ট মিডিয়ার তুলনায় ইলেকট্রনিক গণমাধ্যমে বেতন কাঠামো, ওয়েজ বোর্ড ও কর্মীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কাঠামোগত সমস্যার কথা আলোচনা হয়েছে।