মানবাধিকার ও গুম নিয়ে দুর্বল বিলের অভিযোগ

সংসদ থেকে ফের বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের আগে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বিল দুটি দুর্বল আকারে আনা হয়েছে— এমন অভিযোগ করে বিল দুটি পাসের প্রক্রিয়া শুরু হওয়ার আগমুহূর্তে গতকাল রোববার সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। গত ২৭ আগস্ট সংসদে বিল দুটি তোলা হয়েছিল। সেদিনও বিল দুটি তোলার আগে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল। তারা বলেছিল, সংস্কারের মূল দাবিকে চাপা দিয়ে খণ্ডিত কোনো প্রক্রিয়ার অংশ হতে চায় না বিরোধী দল।

এরপর সংসদীয় কমিটিতে বিল দুটি নিয়ে আলোচনাও বর্জন করেছিল বিরোধী দল। তারা বলেছিল, সরকার ভুক্তভোগী জনগণ, অংশীজন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাসমূহের মতামত উপেক্ষা করে একতরফাভাবে অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশ দুটি রহিত করে। বাতিলের সময় সরকার আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু বাস্তবে তার চেয়ে দুর্বল ও সীমিত পরিসরের বিল আনা হয়েছে। দিনের কার্যসূচি অনুযায়ী মানবাধিকার কমিশন বিল অবিলম্বে বিবেচনার জন্য উত্থাপনের জন্য আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে আহ্বান করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ পর্যায়ে ফ্লোর চান বিরোধীদলীয় নেতা। তাকে মাইক দেওয়ার পর তিনি বলেন, একটু পর দুটি বিল আসবে। এগুলো আগেই উত্থাপিত হয়েছে। শফিকুর রহমান বলেন, 'আমরা আগেই আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম। ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে যখন বিলগুলো ল্যাপস (অকার্যকর) করা হয়, তখন বলা হয়েছিল যে অত্যন্ত শক্তিশালী এবং আরও ভালো আকারে তারা নিয়ে আসবে।' বিরোধীদলীয় নেতা বলেন, মানবাধিকারসংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করেন, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশেষ বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনী তারা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারা এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের জন্য সরাসরি তদন্ত করা যাবে, আরেক জায়গায় আটকে পড়ে যাবে— এটা হতে পারে না।

বিরোধীদলীয় নেতা বলেন, 'আমরা আগেই যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে ল্যাপস করে এই সমস্ত আইন দুর্বল ফর্মে আনা হচ্ছে, এ জন্য আমরা এই আইন পাস করার অংশীদার হব না। সেই জায়গা থেকেই আমাদের অবস্থান স্পষ্ট যে আমরা এ আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি। স্পিকার, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।' তখন বিরোধীদলীয় নেতার উদ্দেশে স্পিকার বলেন, 'আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।' এরপর বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।