উবারে যুক্ত হলো পার্সেল
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার তাদের নতুন ডেলিভারি সার্ভিস 'উবার পার্সেল' চালুর কথা জানিয়েছে। ব্যবহারকারীরা এখন উবার অ্যাপ ব্যবহার করেই প্রয়োজনীয় ফাইলপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সহজে যেকোনো পার্সেল পাঠাতে পারবেন। দৈনন্দিন জীবনের পার্সেল আদান-প্রদানকে আরও সহজ করতে এ ফিচারটি যুক্ত করা হয়েছে। উবার পার্সেলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সুবিধামতো সঙ্গে সঙ্গে ডেলিভারি নেওয়ার পাশাপাশি আগে থেকে সময় নির্ধারণ (শিডিউল) করেও পার্সেল পিকআপের অনুরোধ পাঠাতে পারবেন।
পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি ট্র্যাকিংয়ের জন্য উবার পার্সেলে থাকছে বিশেষ কিছু ফিচার। এর মাধ্যমে জিপিএসের সাহায্যে রিয়েল টাইমে পার্সেলের লোকেশন দেখা যাবে। আর সঠিক মানুষের হাতেই যেন পার্সেল পৌঁছায়, তা নিশ্চিত করতে থাকছে 'পিন ভেরিফিকেশন' সিস্টেম। এ ছাড়া ডেলিভারির জন্য বিশেষ কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটিও অ্যাপে লিখে দেওয়া যাবে।
অফিসের দরকারি ফাইলপত্র পাঠানো থেকে শুরু করে অনলাইন সেলারদের প্রডাক্ট, কাস্টমার অর্ডার, গিফট কিংবা ব্যক্তিগত যেকোনো জিনিস পাঠানোর কাজে উবার পার্সেল ব্যবহার করা যাবে। একইভাবে উবার পার্সেল দিয়ে অন্যের কাছ থেকে কোনো জিনিস নিজের কাছে আনিয়ে নেওয়ার অপশনও থাকছে।
পাঠাবেন যেভাবে : উবার অ্যাপে Parcel অপশনে যান। আপনার প্রয়োজন অনুযায়ী Send items বা Receive items অপশন বেছে নিন। Pickup এবং Drop-off লোকেশন দিন। পার্সেল ও রিসিভারের ডিটেইলস দিন। ডেলিভারির জন্য কোনো ইনস্ট্রাকশন থাকলে তা লিখে পিকআপ টাইম সিলেক্ট করুন (চাইলে শিডিউলও করতে পারেন)। সব তথ্য ঠিক আছে কি না দেখে রিকোয়েস্ট কনফার্ম করুন। রিয়েল-টাইমে পার্সেল ট্র্যাক করুন এবং পার্সেল বুঝিয়ে দেওয়ার জন্য রিসিভারের সাথে 'পিন' শেয়ার করুন।
