ডিজিটাল নিবন্ধনে বন্ধ হবে জাল সনদে বাল্যবিবাহ
বললেন আইনমন্ত্রী
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল প্রযুক্তির আওতায় অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে জাল জন্মসনদ তৈরি করে বাল্যবিবাহ, অননুমোদিত বহুবিবাহ এবং বিয়ে সংক্রান্ত প্রতারণার কোনো সুযোগ থাকবে না জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, 'জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন ডাটাবেজের সাথে সরাসরি আন্তঃসংযোগ থাকায় এক ক্লিকেই ব্যক্তি সংক্রান্ত সব তথ্য যাচাই করা সম্ভব হবে। ফলে, ভুয়া কাগজপত্র বা জাল জন্মসনদ বানিয়ে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে কিংবা প্রথম স্ত্রীর অজান্তে গোপন বহুবিবাহ পুরোপুরি রোধ করা সম্ভব হবে।' গতকাল দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আইন ও বিচার বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'ব্র্যাক'-এর মধ্যে 'সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস : বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন' শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের পক্ষে প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আজিজুল হক এবং ব্র্যাকের পক্ষে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) পরিচালক শাশ্বতী বিপ্লব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা। আইন ও বিচার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এই উদ্যোগে প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে পাইলটিং ভিত্তিতে অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম চালু করা হচ্ছে। নির্বাচিত ১০টি উপজেলা হলো— গাজীপুরের কালিগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শেরপুরের ঝিনাইগাতী, কুড়িগ্রাম সদর, গাইবান্ধার সুন্দরগঞ্জ, নড়াইল সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সিলেট সদর, কক্সবাজারের চকরিয়া এবং কিশোরগঞ্জ সদর।
