'সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে'
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, এই মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গুর পিক সময়টা আসতে যাচ্ছে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত আত্মহত্যা প্রতিরোধ দিবসের সেমিনারে তিনি এই কথা বলেন।
ডা. এম এ মুহিত বলেন, "আমাদের এখন একটা জরুরি জনস্বাস্থ্য সমস্যা চলছে— ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু আমাদের আবার বেড়েছে। গতকাল থেকেই বাড়তে শুরু করেছে। তারও দুই দিন আগে আমরা প্রেডিকশন করেছি যে, এই মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গুর পিক সময়টা আসতে যাচ্ছে। এটার আগে এখানেও প্রিভেনশনের কথাটা চলে এসেছে। আমরা এরইমধ্যেই গতকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সভা করেছি। আমরা ডেঙ্গু বিষয়ক একটা তিন মাসের ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি।"
তিনি বলেন, "এর মাধ্যমে আমরা সব স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ, সবাইকে নিয়ে একটা তিন মাসব্যাপী কর্মসূচি করব। আমাদের দুটো উদ্দেশ্য এখানে। এক হচ্ছে ডেঙ্গু প্রিভেনশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মানুষকে সচেতন করা। এছাড়া মানুষকে সম্পৃক্ত করে যার যার ঘর, যার যার কর্মস্থল যদি আমরা দেখে রাখি, তাহলে আমাদেরই ওই ঘরে আমরা যে আত্মীয়স্বজনের সঙ্গে থাকি, ওই কর্মস্থলে যে কলিগের সঙ্গে থাকি এবং নিজেদের ডেঙ্গু থেকে রক্ষা করতে পারব। পাশাপাশি আমরা সার্বিকভাবেই নগরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিচ্ছি, সেখানেও এটা কাজ করবে।" তিনি বলেন, "ডেঙ্গুর ক্ষেত্রে দুটো লক্ষ্য। একটা হচ্ছে, কম মানুষ যেন ডেঙ্গুতে আক্রান্ত হয়, সংখ্যা যেন না হয়। সেক্ষেত্রে আমাদের এই প্রিভেনশন এবং ক্লিনিং এবং লার্ভিসাইড বন্ধ করা— এই কাজগুলো আমরা করবো সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজগুলো করছে। আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে, ডেঙ্গুজনিত কারণে মৃত্যুর হার আমাদের কমাতেই হবে। সেটার জন্য আমরা এরইমধ্যে পদক্ষেপ নিয়েছি। আমরা ডাক্তারদের রিফ্রেশার ট্রেনিং দিয়েছি। সোসাইটি অব মেডিসিনের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করেছি। তারা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ম্যানেজমেন্ট তৈরি করে ডাক্তারদের ইতোমধ্যে ৩০০ ডাক্তারকে ট্রেনিং দেওয়া হয়েছে।'
