মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিস

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকায় মেট্রোরেল স্টেশন ও চলমান ট্রেনে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) আইনি নোটিস দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিইউবিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক এইচ এম রাশিদুল ইসলাম রাশেদ 'জনস্বার্থে' এ নোটিস পাঠান।

আইনজীবী রাশেদ জামান জানান, মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে পাঠানো এই নোটিসে মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি আজিয়াটাকে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি ও অবকাঠামোগত সুবিধাদানের দাবি জানানো হয়েছে। নোটিসে বলা হয়, প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। কিন্তু চলমান ট্রেনে বা স্টেশনে নেটওয়ার্কের দুর্বলতা ও অনুপস্থিতির কারণে যাত্রীরা জরুরি ফোনকল করতে পারেন না বা কল কেটে যায়। এতে সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। নোটিসে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং লিখিতভাবে নোটিসদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।