ফেসবুকের সুবিধা ইনস্টাগ্রামেও
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্যের পোস্টে ট্যাগ করা কনটেন্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা থাকলেও, এতদিন ইনস্টাগ্রামে এমন সুযোগ ছিল না। সেই ঘাটতি পূরণ করে অন্যের পোস্টে ট্যাগ করা ছবি বা ভিডিও সরাসরি নিজের প্রোফাইলের মূল গ্রিডে যোগ করার সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটি। এতদিন ট্যাগ করা পোস্ট শুধু আলাদা 'ট্যাগড' ট্যাবে দেখা যেতো, মূল প্রোফাইল গ্রিডে সেগুলো প্রদর্শনের সুযোগ ছিল না। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের গ্রুপ ছবি, বিশেষ স্মৃতি কিংবা অন্য ক্রিয়েটরের সঙ্গে করা যৌথ কাজের পোস্ট নিজের প্রোফাইল গ্রিডেও তুলে ধরতে পারবেন। ট্যাগ করা কোনও পোস্ট প্রোফাইলে যোগ করার জন্য কয়েকটি উপায় রাখা হয়েছে। ট্যাগ হওয়ার পর ডিএমে (ডিরেক্ট মেসেজে) আসা নোটিফিকেশন থেকেই 'অ্যাড টু গ্রিড' নির্বাচন করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট পোস্টের ওপরের ডানদিকে থাকা তিন ডট মেনু অথবা 'ট্যাগড' ট্যাবে কোনও পোস্ট চেপে ধরে একই অপশন পাওয়া যাবে। তবে পোস্টটি কে দেখতে পারবেন, তা নির্ভর করবে নিজের এবং যিনি পোস্টটি করেছেন তার অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসের ওপর।
প্রাইভেট প্রোফাইলের কনটেন্ট শুধুমাত্র ব্যবহারকারীর অনুসারীদের কাছে প্রদর্শিত হবে, আর পাবলিক প্রোফাইলের কনটেন্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রোফাইলে যোগ করার পর মূল পোস্টটি আগের জায়গাতেই থাকবে, নতুন করে পোস্ট তৈরি বা কপি হবে না। ব্যবহারকারী চাইলে পরে সেটি নিজের গ্রিড থেকে সরিয়েও দিতে পারবেন। তবে গ্রিড থেকে সরালেও পোস্টটি 'ট্যাগড' ট্যাবে থেকে যাবে। যোগ করা ট্যাগড পোস্টগুলো ডিফল্টভাবে প্রকাশের সময় অনুযায়ী নতুন থেকে পুরোনো ক্রমে সাজবে। চাইলে ব্যবহারকারী এগুলো নিজের পছন্দমতো অন্য জায়গায় সরিয়ে নিতে পারবেন।
