ইতালি যাওয়ার সময় সাগরে ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেপ্তার ২

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিকে ৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলছে, গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক মানবপাচারের সঙ্গে জড়িত। গতকাল বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন— রফিকুল ইসলাম ওরফে রফিক বাঘা ও আমির হোসেন স্বপন। সিআইডির মানবপাচার ইউনিটের (টিএইচবি) একটি দল গত বুধবার সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ছুফি উল্লাহ জানান, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাদের অবৈধভাবে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে গেলে আটজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তারা নিহত ভুক্তভোগী রাসেল শেখ এর পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ, মানবপাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের কাছে অর্থ পৌঁছে দেওয়া এবং তাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা করার কথা জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার এজাহার থেকে জানা যায় যে, ২০২৪ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে আটজন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে নিহতদের লাশ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মামলার ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা একমাত্র ভুক্তভোগী আদালতে দেওয়া জবানবন্দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ঠিকানা প্রকাশ করেছেন।