৮ দফা দাবি বাস্তবায়নে দেশের মানুষ প্রস্তুত

বললেন জামায়াত সেক্রেটারি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। গতকাল শুক্রবার ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আমাদের লংমার্চে সড়কের দুই পাশে কোটি মানুষ লংমার্চ কর্মসূচিকে সমর্থন জানিয়ে দাঁড়িয়ে থাকবে। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে এই লংমার্চকে কেন্দ্র করে কোনও উস্কানিতে নেতা কর্মীদের পা না দেয়ার আহ্বান জানাচ্ছি।'

তিনি বলেন, 'আমরা যথাসময়ে আগামীকাল সকাল ৭টায় ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে দ্বিতীয় লংমার্চের সমাবেশ শুরু করব। সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা শহরের উত্তর দিক দিয়ে টঙ্গী গাজীপুর হয়ে টাঙ্গাইল হয়ে আমাদের যে পাঁচটি পথসভা আছে সেগুলো করে আমরা রংপুরের দিকে যাব।'

তিনি আরও বলেন, '১ম লংমার্চের তুলনায় ২য় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ আরও কয়েকগুণ বাড়বে। চট্টগ্রামের চেয়েও ব্যাপকভাবে রংপুর অভিমুখী লংমার্চ সফল হতে যাচ্ছে।' লংমার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হবে, সেজন্য দুঃখ প্রকাশ করে পরওয়ার বলেন, 'এই লংমার্চ সফলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করছি।'