অতিরিক্ত দামে হার্টের রিং কেনাবেচা
সিন্ডিকেট ধরতে হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত দামে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বিক্রি এবং রোগীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে টিমটি হার্টের রিং বিক্রির মূল্য তালিকাসহ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। এ সময় রোগীদের হার্টে ব্যবহৃত স্টেন্টের মূল্য, সরবরাহ ব্যবস্থা, রোগীর কাছ থেকে অর্থ আদায়ের প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
অভিযোগ রয়েছে, হৃদরোগের চিকিৎসায় জরুরি ভিত্তিতে স্টেন্ট বা রিং প্রয়োজন হলে রোগী ও স্বজনদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এ সুযোগে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রিং বিক্রি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীর স্বজনদের রিংয়ের কোম্পানি, মূল্য ও বিকল্প সম্পর্কে পর্যাপ্ত তথ্য না দিয়েই নির্দিষ্ট কোম্পানির স্টেন্ট কিনতে বলা হয়। এ ছাড়া চিকিৎসক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে কমিশনভিত্তিক লেনদেনের মাধ্যমে স্টেন্টের দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, একটি রিং ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকরা মোটা অঙ্কের কমিশন পেয়ে থাকেন। কখনও কখনও কমিশনের একটি অংশ হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট অন্য পক্ষের কাছেও যাওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, রোগীর স্বজনদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে একটি চক্র এ ধরনের অনিয়ম করে আসছে। দুদকের এনফোর্সমেন্ট অভিযানের মাধ্যমে এসব অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে আশা করছেন ভুক্তভোগীরা।
