জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে
বললেন রিজভী
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির ওপর নির্ভর করেই রাজনীতি করে। তিনি বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে বিএনপি দেশের দায়িত্বে রয়েছে। কিন্তু আমাদের দল ক্ষমতার জোর দেখিয়ে কখনোই রাজনীতি করেনি। বিএনপি জোর দেখায় একটাই, সেটা হচ্ছে জনগণের শক্তির জোর'। গতকাল রাজধানীর নয়াপল্টনে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলকে গণতান্ত্রিক পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হচ্ছে। তাদের সংসদের ভেতরে-বাইরে কথা বলা এবং রাজনৈতিক কর্মসূচি পালনে এখন কোনো বাধা নেই।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিরোধীদলের লংমার্চ ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুর, কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল, বগুড়া ও সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ত। পক্ষান্তরে তারেক রহমানের সরকারের সময় বিরোধী দলের ঢাকা থেকে রংপুরগামী লং মার্চনির্বিঘ্নে টাঙ্গাইল ও বগুড়া হয়ে রংপুরে পৌঁছেছে এবং পথে অনেক সভা হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। বিরোধীদল কর্মসূচি করছে, তাতে আপত্তি নেই। গণতন্ত্রে সংসদের ভেতরে-বাইরে কথা বলার সুযোগ রয়েছে। তবে নতুন নেতৃত্বে আসা নেতাদের কেউ কেউ হুমকি-ধামকি, অশালীন ও মিথ্যা বক্তব্য, অপপ্রচার এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন।
বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, 'বিরোধীদল তো আজকের বিরোধীদল, আগামীতে সরকারও হতে পারে। তাহলে সরকার হলে কীভাবে চালাবে?' এ সময় বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় তাদের কোনো বিকল্প প্রস্তাব থাকলে তা জানতে চান তিনি। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি সরকারের সৃষ্ট নয়; এর পেছনে বৈশ্বিক পরিস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে।
