তিন সপ্তাহে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ (২.০৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৫ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩ কোটি ২০ লাখ ডলার। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ২ দশমিক ০৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১ দশমিক ৫৮ শতাংশ।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৯৩ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম ৮৩ দিনে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স আসে। এরপর আগস্টে এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। তার আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার জোগানে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি অর্থবছরে ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও রিজার্ভ পরিস্থিতিতেও এর প্রভাব পড়ছে।
