আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ সময় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের পরিচয় নিশ্চিত করেননি পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মামলায় ৬ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পোশাক কারখানার দায়িত্বশীলদের বিরুদ্ধে দাহ্য পদার্থ অপরিকল্পিতভাবে ব্যবহার করে বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ১১টা ৪৪ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়। ঘটনাস্থলে লরির ভেতর থেকে ৫ জনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়া বিস্ফোরণের পর ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে রাস্তার পথচারী মোছাম্মত জয়নব বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।