নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য বিকৃতির নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করে বিএনপির প্রোপাগান্ডা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা দমনে ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দায় চাপানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও সদস্য সচিব আখতার হোসেন এমপি। এক বিবৃতিতে এনসিপি নেতারা বলেন, নাসিরউদ্দীন পাটোয়ারীর প্রকৃত বক্তব্যটি ছিল— আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার— এ তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।? অথচ নিজেদের ব্যর্থতা ঢাকতে এ দায়িত্বশীল বক্তব্যটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত করে এবং বিকৃত রূপ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অসৎ চেষ্টা করছে বিএনপি ও তাদের অনুসারী রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা। মূল বক্তব্যটি ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশের আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার একটি সুস্পষ্ট প্রস্তাবনা। কিন্তু সেই মূল বক্তব্য ঢেকে দিয়ে শুধু সুবিধাজনক অংশ কেটে নিয়ে অপপ্রচার চালানো একটি দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস। 

?বিবৃতিতে নেতারা আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা সারাদেশে যেসব আগুন সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তা দমনে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী চরমভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের এই নগ্ন ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকতে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বিভ্রান্ত করতেই এনসিপি ও বিরোধী দলের ওপর দায় চাপানোর এ অপকৌশল নেওয়া হয়েছে।