২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে
বললেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল শনিবার দুপুরে সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'বিগত সরকারগুলোর আমলে সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনের কাজ আটকে ছিল। সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প ৫-৬ বছর আগে, বিগত সরকারের আমলে পরিকল্পনা নিলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা যখন দায়িত্ব নিই, অন্তর্বর্তী সরকারের দুই বছরের মেয়াদ শেষে, তখন এই সড়কের অগ্রগতি ছিল ৭ থেকে ৮ শতাংশ। জমি অধিগ্রহণই হয়নি, কাজ হবে কীভাবে?' তিনি বলেন, 'ইনশাআল্লাহ ২০২৯-এর মাঝামাঝি এই সড়কের কাজ শেষ হবে এবং ১২ মাস পর রাস্তার অবয়ব আপনাদের কাছে স্পষ্ট হবে।' মন্ত্রী আরও বলেন, 'বর্তমান সরকার এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে সম্পন্নের চেষ্টা করছে। এখন ভূমি অধিগ্রহণসহ সড়কের কাজে গতি পেয়েছে। এছাড়া সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার যে জায়গায় নতুন বিসিক হচ্ছে— সেই সড়ককে চার লেনে উন্নীত করা হবে।' অনুষ্ঠান শেষে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, 'জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সরবরাহ চেইন ঠিক রেখে বাজার নিয়ন্ত্রণ রাখতে কাজ করছে সরকার। মূল্যবৃদ্ধির অভিঘাত যত কম করা যায় সেজন্য সরবরাহ চেইন সুসংহত করার জন্য, কোনো জায়গায় যেন বাধাগ্রস্ত না হয় সেটাই লক্ষ্য সরকারের।'
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১টির মতো দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০টি কর্মসূচি দেশের বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে।' তিনি আরও জানান, দেশের সর্বোচ্চ ফোরাম থেকে প্রধানমন্ত্রী যখন কথা বলেন, সেটার সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে।
