হাম ও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গু মিলিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। জানা জায়, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর (১৫ মার্চ থেকে) দেশে হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হাম উপসর্গ নিয়ে ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে।

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। এ ছাড়া একই সময়ে ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৫২০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই সময়ে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের টিকার পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ২ কোটি ১ লাখ ৩৩ হাজার ৬৭২ জনকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে। তবে টিকার লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। অর্থাৎ, লক্ষ্যমাত্রার তুলনায় টিকা প্রদান করা হয়েছে ১১১.৯ শতাংশ।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৪৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৩২০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২১০ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে বিভাগে ১৪ জন রয়েছেন।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬২০ জন। চলতি বছরে এ যাবত মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।