ডেঙ্গু ও হামে থেমে নেই মৃত্যু
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭২ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৬ জন, খুলনা বিভাগে ২৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, রংপুর বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১৬।
এ নিয়ে চলতি বছরে ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৮ জন।
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ : হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন। গতকাল বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়— চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ৮২ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬০২ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯২ হাজার ৮৬৩ জনে।
