সুসংবাদ প্রতিদিন
পেঁপে চাষে ভাগ্যবদল
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের কৃষক আবু ইউসুফ। নবম শ্রেণির গণ্ডি পেরিয়ে লেখাপড়া শেষ হয়। তারপর থেকে কৃষি কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। কৃষি অফিসের পরামর্শে এবছর ফেয়ার লেডে এবং রেড লেডি জাতের পেঁপে চাষ করে বেশ সাফল্য অর্জন করেছেন তিনি। মাত্র ৩৬ শতাংশ জমিতে প্রায় ৩ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করেন আবু ইউসুব। আবু ইউসুব এখন এলাকায় অন্য চাষিদের কাছে মডেল। তার পুরো বাগানটি যেনো চোখে জোড়ানো একখেত। গাছের মাঝ থেকে ডগা পর্যন্ত ছোট, মাঝারি ও বড় আকারের পেপে ধরে রয়েছে। আবু ইউসুবের সাফল্য দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই পেঁপে চাষে। গতকাল শুক্রবার সকালে আবু ইউসুফকে দেখা যায়, তার পেঁপের বাগানে কাজ করতে। পুরো বাগান ঘুরে দেখা যায়, এ যেনো গাছে টাকা ধরে রয়েছে। এক একটি গাছে প্রচুর পরিমাণে পেঁপে।
তিনি গত চারদিন আগেও তিনি প্রায় ২২ মণ পেঁপে বিক্রি করেছেন মাত্র ৩৬ শতাংশ জমির পেঁপে বাগান থেকে। কথা হয় আবু ইউসুবের সঙ্গে। তিনি জানান, টাকার অভাবে লেখাপড়া করতে পারিনি। ছোট থেকেই মাঠে চাষাবাদ শুরু করি। তারপরে এলাকায় অন্য চাষিদের মতো পেঁপে চাষ শুরু করি। তিনি বলেন, ২০২৫ সালে বড় গোপালদী ব্লকের উপসহকারী কৃষি অফিসার আনোয়ার হোসেন আমাকে কৃষি কাজের পরামর্শ প্রদান করেন। কীভাবে বাণিজ্যিকভাবে এ পেঁপের চাষ করা যায় সেটা সম্পর্কে জানি। পরে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করি পেঁপে চাষ। সে সময় এই পেঁপে সম্পর্কে অনেকেই অনেক কথা বলত।
তিনি আরও বলেন, মাত্র ৩৬ শতাংশ জমিতে পেঁপের চাষ শুরু করি। গাছ লাগানোর পরে ৩-৪ মাসে গাছে পেঁপে ধরলো এবং ৫ মাস পরেই সেটা বাজারে বিক্রির উপযোগী হয়। পেঁপে চাষে খরচ ও খাটনি কম কিন্তু আয় বেশি। আর বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে তাই আর পিছু ফিরে তাকাতে হয়নি। এছাড়া কৃষি অফিসের লোকজন নিয়মিত আমার বাগান পরিদর্শন করে আমাকে পরামর্শ দেন। অন্যান্য চাষের চেয়ে পেঁপে চাষ লাভজনক তাই অন্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন এই পেঁপে চাষে।
খুব কম সময়ে এ পেঁপে চাষ করে কৃষকরা বেশ ভালো লাভবান হতে পারবেন বলে জানান দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ। তিনি জানান, পুষ্টিমানের দিক থেকে পেঁপে খুবই স্বাস্থ্যকর একটি খাদ্য।
