জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। পরে দুই পক্ষের যুক্তিতর্ক শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে রিমান্ডে পাঠায় আদালত। গতকাল শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এদিন নিরাপত্তার কথা বিবেচনা করে আখতারুজ্জামানকে ভিন্ন পথে আদালতে আনা হয়। এ সময় প্রিজন ভ্যানের ভেতর থেকেই সরকারের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাকে হেলমেট পরাতে গেলে তা ছুড়ে ফেলে দেন এই নেতা। গারদখানায় না নিয়ে দুপুর ১টার দিকে সরাসরি আদালতে তোলা হয় তাকে। অবসরপ্রাপ্ত মেজরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানিকালে এজলাসের ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।

উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে আখতারুজ্জামানকে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর সৌদি আরব থেকে ওমরা শেষে দেশে ফেরেন আখতারুজ্জামান। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বিলম্বের ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বাগ্?বিতণ্ডায় জড়ান তিনি। একপর্যায়ে বিমানবন্দরের এক কর্মকর্তার গায়ে হাত তোলেন তিনি। মামলার এজাহারে এসব অভিযোগ করা হয়েছে।