পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীতের পরিকল্পনা

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। হাসপাতালের বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কে খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে হাসপাতাল নেই, সেখানেও নতুন করে ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। প্রয়োজনীয়তা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আমি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা দেখতে এসেছি। এই হাসপাতালটিকে দ্রুততম সময়ের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। তবে রোগীদের দুর্ভোগ লাঘবে আপাতত জরুরিভিত্তিতে বেশ কিছু অতিরিক্ত শয্যার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।'

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে জানায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বৃহত্তর এলাকার গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পটিয়ার প্রায় সাত লাখ মানুষের পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলীসহ আশপাশের এলাকার আরও প্রায় চার লাখ মানুষ এখান থেকে চিকিৎসাসেবা নেন। ফলে হাসপাতালে প্রতিদিন রোগীর ব্যাপক চাপ থাকে। বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন এবং ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিনের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে মন্ত্রীর পদক্ষেপ কামনা করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভর্তি রোগীদের রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই করার ব্যবস্থা করতে হবে। রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি খাবারের মান উন্নত করতে হবে। রোগীরা যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এসময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, হাসপাতালের উন্নয়নের বিষয়ে আমি বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করছি। স্বাস্থ্যমন্ত্রী এখানে এসে হাসপাতালকে অত্যন্ত সুসজ্জিত ও আধুনিক করার যে কথা বলেছেন, তাতে আমরা আশাবাদী। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ড. সাজেদুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ আবু তৈয়ব।