ঢাকায় পদায়নে লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার মনোনীত

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের 'এ' ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য লটারির মাধ্যমে বদলি কার্যক্রম নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ঢাকা জেলার ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত এসব কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে পদায়ন দেওয়া হবে। তাদের সাক্ষাৎকার নিয়ে দক্ষতা ও কাজের চাপ সহ্য করার ক্ষমতা পর্যবেক্ষণ করে উপযুক্ত স্টেশনে পদায়ন বণ্টন করা হবে। তিনি বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই আমরা এই লটারি পদ্ধতির উদ্যোগ নিয়েছি। মন্ত্রী আসাদুজ্জামান বলেন, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে যেসব জায়গাকে 'প্রাইজ পোস্টিং' হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, সেসব জায়গাতেও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে। আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সেই নেতিবাচক জায়গা থেকে উত্তরণের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। ঢাকার পোস্টিংকে সাব-রেজিস্ট্রারদের জন্য 'প্রাইজ পোস্টিং' হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রথম ধাপে ঢাকার পোস্টিংয়ের ক্ষেত্রেই লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।