ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ও হামে আরও ৬ মৃত্যু
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে গত সোমবার ৯ জন মারা গিয়েছিলেন। সেটি ছিল এ বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর গতকাল মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে গেল। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল থেকে আজ সকাল পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। চলতি মাসে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৮১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় দুজন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা, ঢাকা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ।
চলতি বছর সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে। ওই মাসে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ১৪৮ জন। আর আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন। দেশে আগের আট মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে এত মারা যায়নি বা এত সংক্রমণও হয়নি। হামের উপসর্গে আরও ৬ মৃত্যু :দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে দুজন, বরিশালে একজন ও খুলনায় একজন চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ২১ হাজার ৯১০ জনের।
