বাড়তি বিলের আতঙ্কে গ্রাহকের বাধা, বন্ধ প্রি-পেইড মিটার স্থাপন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ডিমান্ড চার্জ ও বাড়তি বিলের আতঙ্কে বিদ্যুতের প্রিপেইড মিটারে আস্থা পাচ্ছেন না গ্রাহক। বিভিন্ন জায়গায় মিটার স্থাপনে বাধা দিচ্ছেন তারা। এতে থমকে আছে সরকারের সাড়ে তিন লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যুতের প্রিপেইড মিটারের ক্ষেত্রে প্রতি মাসের প্রথম রিচার্জে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কাটা হয়। তবে কোনো মাসে রিচার্জ করা না হলে তা সমন্বয় করা হয় পরবর্তী রিচার্জে। প্রিপেইড মিটার ও পোস্টপেইড মিটার উভয়ের ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ-খরচ সমান।

প্রিপেইড মিটারে ব্যবহার করা বিদ্যুতের বিপরীতে রিচার্জ করা এনার্জির ওপর সরকার প্রণোদনা হিসেবে শূন্য দশমিক ৫ শতাংশ রিবেট (ছাড়) দেয়। প্রিপেইড মিটার সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা জামানত লাগে না। পোস্টপেইড মিটারের মতো প্রিপেইড মিটারের অনুমোদিত লোডের বিপরীতে ডিমান্ড চার্জ কিলোওয়াট প্রতি মাসে ৪২ টাকা হারে (আবাসিক গ্রাহকের ক্ষেত্রে) ও ভ্যাট ৫ শতাংশ নিয়ম অনুসারে কাটা হয়। সেই হিসেবে দুই কিলোওয়াট ব্যবহার হলে ৮৪ টাকা ডিমান্ড কাটা হয়। বিদ্যুৎ বিভাগের আওতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বাস্তবায়নাধীন 'ডিপিডিসির আওতাধীন এলাকায় আট লাখ পঞ্চাশ হাজার স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন (বিশেষ সংশোধিত)' শীর্ষক প্রকল্পটি ঝুকিতে পড়েছে। ডিপিডিসির প্রায় সব এলাকায় প্রিপেইড মিটার স্থাপনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন গ্রাহক। নারায়ণগঞ্জ এলাকায় 'নাগরিক অধিকার ফোরাম', 'আমরা নারায়ণগঞ্জবাসী' ইত্যাদি ব্যানারে একটি দল গত ২২ জুলাই ডিপিডিসির প্রধান প্রকৌশলীর (দক্ষিণ) দপ্তরে প্রিপেইড মিটার স্থাপনের বিরোধিতা করে স্মারকলিপি দেয়।