বিনামূল্যে ছানি অপারেশন ও চশমা বিতরণ করবে সরকার

বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকার দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, আগামী ৫ বছরে চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার। এর মাধ্যমে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণের পাশাপাশি প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনা হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলানায়তনের কনফারেন্স রুমে আইএনজিও ফোরাম ও এনআইওঅ্যান্ডএইচের যৌথ উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির।

ড. এম এ মুহিত বলেন, দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে সরকার ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ সময় তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু সেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

দেশের স্কুল শিক্ষার্থীরাও এই কর্মসূচির আওতায় থাকবে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা প্রদানসহ অন্যান্য প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে চক্ষু স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) ও ওএসবির প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।