টিকিট কালোবাজারি বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চান মিলন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছেন অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।
গত শুক্রবার সকাল ১০টায় নিজের ভেরিফায়েড পেজে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ট্যাগ করে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। রুট দুটিতে এক মাসের পুরোপুরি ক্ষমতা চান মাহবুব কবীর মিলন। এজন্য পদ, পদবি, আলাদা চেয়ার টেবিল কিছুই লাগবে না তার। বিনা পয়সায় সার্ভিস দেওয়ার ঘোষণা দেন। তবে শুধু যাতায়াতের জন্য একটা গাড়ি চান সাবেক এ আমলা।
'প্রধানমন্ত্রী Tarique Rahman, আমাকে ক্ষমতা দিন মাত্র এক মাসের জন্য। এই এক মাসে ঢাকা কক্সবাজার, ঢাকা চট্টগ্রাম রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করে দেখাব ইনশাআল্লাহ। পদ, পদবি, আলাদা চেয়ার টেবিল কিছুই লাগবে না। বিনা পয়সায় সার্ভিস দেব। শুধু যাতায়াতের জন্য একটা গাড়ি দেবেন। আর কিছু লাগবে না।
শুধু ক্ষমতা লাগবে। ডিপার্টমেন্ট এর সবাই এই একমাসে আমার আদেশ শুনতে বাধ্য হবে। চুক্তিভিত্তিক কিছু অবসরপ্রাপ্ত টিকিট এক্সামিনার নেব। তাদের বাজেট লাগবে। এরা সফল হলে এক-দুই বছরের জন্য থেকে যাবে। সাথে এই এক মাসের জন্য চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা নেব। অবসরপ্রাপ্তরা কোনো বেতন ভাতা নেবে না। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাগবে। সাথে স্পেশাল পুলিশ প্রটেকশন। সফল হলে ম্যাজিস্ট্রেট ফিরে যাবে। শুধু পুলিশ নিয়ে টিকিট এক্সামিনার কাজ করবে।
