পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালিত

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কর্মসূচি পালিত। গতকাল শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্দেশনায় পল্লবী থানা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি দলের নিজস্ব ফগার মেশিনের মাধ্যমে এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়।

অনুষ্ঠানে? প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দিন।

পল্লবী থানা জামায়াতের আমির রইসূল ইসলামের সভাপতিত্বে এবং ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী নাসির উদ্দিন খান সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন ও পেশাজীবী ওয়ার্ড সভাপতি মো. লোকমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও তা মোকাবিলায় সিটি কর্পোরেশন ও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জামায়াতে ইসলামী সারা দেশে এ ধরনের কর্মসূচি পরিচালনা করছে। তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রমের কথা তুলে ধরে মাদক নির্মূলে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত মশক নিধনের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।