'ফাঁদে পড়ে' ব্যবসায়ী খোয়ালেন ২৪ লাখ টাকা, তরুণী গ্রেপ্তার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদেশি পর্যটনকেন্দ্রের রেটিং দিতে হবে। তাদের নিয়ে মন্তব্য করতে হবে। এ কাজে দিনে পাওয়া যাবে ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। ব্যবসায়ী এই প্রলোভনে পড়েন। তাঁকে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে তৈরি নকল ওয়েবসাইটে পর্যটনকেন্দ্রের রেটিং ও ফিডব্যাক (মন্তব্য) দিতে বলা হয়। শুরুতে কিছুদিন টাকা দেওয়া হয়। পরে বিনিয়োগের বিপরীতে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দিয়ে হাতিয়ে নেওয়া হয় ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা।
অনলাইনভিত্তিক চাকরি ও বিনিয়োগের নামে এ প্রতারণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁর নাম প্রীয়ন্তী সরকার চিত্রা (২২)। ৮ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি। সিআইডি সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে একটি টেলিগ্রাম আইডি থেকে ওই ব্যবসায়ীর মুঠোফোনে অনলাইন পার্টটাইম চাকরির প্রস্তাব আসে। নকল ওয়েবসাইটের মাধ্যমে একটি ট্রাভেল প্ল্যাটফর্মে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ইতিবাচক রেটিং ও ফিডব্যাক দেওয়ার কাজের কথা বলা হয়। প্রস্তাবে রাজি হওয়ার পর তাঁকে বিভিন্ন অঙ্কের টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়। এরপর তাঁকে যুক্ত করা হয় একটি টেলিগ্রাম গ্রুপে। সেখানে প্রতিষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষে ১ লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেওয়া হয়। চক্রের অন্য সদস্যদের বিনিয়োগের প্রমাণ হিসেবে ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপের ছবি দেখানো হলে ওই ব্যবসায়ীও এতে আকৃষ্ট হন।
