৩০ লাখ টাকার লটারি জিতলেন ময়মনসিংহের হানিফ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা জিতেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হানিফ মিয়া। পুরস্কারের অর্থ দিয়ে বড় খামার গড়ে তুলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চান তিনি। গতকাল শনিবার রাজধানীর বিপিকেএস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। বিপিকেএস জাতীয় লটারি প্রকল্পের প্রকল্প পরিচালক হাজী মো. আলম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএন ডিজঅ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন এবং বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আব্দুস সাত্তার দুলাল। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার দুলাল বলেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বিপিকেএসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আয়োজকেরা জানান, অর্থ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ২০ শতাংশ উৎসে কর কেটে বাকি অর্থ চেকের মাধ্যমে বিজয়ীদের দেওয়া হয়। প্রথম পুরস্কার বিজয়ী হানিফ মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা। পুরস্কার পেয়ে তিনি জানান, তিনি একজন বেকার যুবক। ছোট একটি খামার চালিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করেন। পুরস্কারের অর্থ দিয়ে বড় খামার গড়ে তুলে এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জন্য কাজ করতে চান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবির, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা, ইমিনেন্ট জার্নালিস্ট অ্যান্ড গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি গোলাম ফারুক মজনু প্রমুখ।
