সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পাশাপাশি সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসা উচিত। তাহলে অস্বচ্ছল মানুষও সমানভাবে চিকিৎসাসেবা পাবে।

বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস-এর সভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে ডা. মো. রাশেদুল ইসলাম রাষ্ট্রপতিকে জানান, দেশেই এখন বিশ্বমানের কোলন ও রেক্টাল সার্জারি হচ্ছে, ফলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ছে না। তিনি আরও জানান, দেশের কোলন ও রেক্টাল সার্জনরা আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

এ সময় ডা. মো. রাশেদুল ইসলাম আগামী ২৭ অক্টোবর বিএসসিআরএস -এর উদ্যোগে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কোলোরেক্টাল সার্জারি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস-এর সদস্য ও কোলন-রেক্টাল বিশেষজ্ঞ সার্জনরা উপস্থিত ছিলেন।

সেবার মান বাড়ালে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা আরও কমে আসবে।

হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে গতকাল রোববার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করা উচিত, যেন তারা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, দেশেই এখন লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি রোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে।

এ সময় অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সদস্য লিভার বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।