ওপেনএআইয়ের নতুন ফিচার

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

চ্যাটজিপিটির সর্বশেষ জিপিটি-৬ মডেল ফ্রি এবং পেইড উভয় প্ল্যানের ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত করে ওপেনএআই। নতুন ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ চার্ট, ডায়াগ্রাম, ফর্ম ও বিভিন্ন কাজের উপযোগী টুল তৈরি করতে পারবে চ্যাটজিপিটি। প্রশ্ন অনুযায়ী তৈরি হবে ইন্টারঅ্যাকটিভ উত্তর : জিপিটি-৬-এর অন্যতম আকর্ষণীয় সংযোজন নতুন ইন্টারফেস 'ইন্টেলিজেন্ট ইউআই'। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের ধরন ও প্রয়োজন বুঝে শুধু লিখিত উত্তর নয়, বরং বিভিন্ন দৃশ্যমান ও ইন্টারঅ্যাকটিভ গ্রাফিকও তৈরি করতে পারবে চ্যাটজিপিটি। যেমন, দুটি পণ্যের তুলনা করতে বললে পাশাপাশি তুলনামূলক উপস্থাপনা, জটিল কোনো বিষয় সহজে বোঝাতে ডায়াগ্রাম কিংবা হিসাব-নিকাশের জন্য ক্যালকুলেটর তৈরি করতে পারবে এটি। এমনকি চ্যাটের মধ্যেই বিল ভাগ করার টুল ব্যবহার করা কিংবা ছোটখাটো গেম খেলার সুযোগও রয়েছে।

তবে প্রতিটি প্রশ্নের উত্তরে চার্ট বা ইন্টারঅ্যাকটিভ এলিমেন্ট যুক্ত থাকছে না। প্রশ্নের ধরন ও ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করে কোন ক্ষেত্রে কীভাবে উত্তর উপস্থাপন করা সবচেয়ে কার্যকর, তা নিজেই নির্ধারণ করবে মডেলটি।

দ্রুত উত্তর ও উন্নত ওয়েব সার্চ : নতুন মডেলটি রেসপন্স জেনারেশনের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রাথমিক উত্তর দেওয়া শুরু করতে পারে। ফলে ব্যবহারকারীরা অপেক্ষা করার সময়ই প্রয়োজনীয় প্রাথমিক তথ্য পেতে পারেন। পাশাপাশি ওয়েব সার্চের কার্যকারিতা উন্নত করা হয়েছে, যাতে অনলাইনে তথ্য খোঁজা ও তা ব্যবহার করে উত্তর দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হয়। নিজের সীমাবদ্ধতা বোঝার ক্ষেত্রেও উন্নতি আনা হয়েছে জিপিটি-৬-এ। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য বা প্রয়োজনীয় টুল না থাকলে সেটি আরও স্পষ্টভাবে জানিয়ে দিতে পারে মডেলটি।

বিনা মূল্যের ব্যবহারকারীরাও পাচ্ছেন নতুন ফিচার : চ্যাটজিপিটির বিনা মূল্যের ব্যবহারকারীরাও এখন নতুন জিপিটি-৬ মডেল ও 'ইন্টেলিজেন্ট ইউআই' ফিচার ব্যবহার করতে পারছেন।