ইনুর সাজা কমিয়ে খালাস চেয়ে আপিল
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার বিকেলে এ আপিল আবেদন জমা দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানিয়েছেন।
তিনি বলেন, হাসানুল হক ইনুর পরিবারের সঙ্গে পরামর্শ করে খালাস চেয়ে আপিল করা হয়েছে। এর আগে গেল ৫ অক্টোবর ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সেদিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গাজী এম এইচ তামীম বলেছিলেন, ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের সাজাকে 'অপর্যাপ্ত মনে করায়' প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল করা হয়েছে। এতে ১১টি গ্রাউন্ড বা যুক্তি তুলে ধরা হয়েছে। আপিলটি গ্রহণ করে ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 'সর্বোচ্চ শাস্তি দেওয়ার' আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইনুর খালাস পাওয়া কয়েকটি অভিযোগেও সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে জানিয়ে তামীম বলেন, "শাস্তি দেওয়ার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক জুরিসপ্রুডেন্স অনুযায়ী অপরাধের ভয়াবহতা, গভীরতা এবং 'স্কেল অব দ্য অ্যাটাক' বিবেচনা করতে হয়। 'কত মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কতজন নিহত ও আহত হয়েছেন এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে সমাজের প্রত্যাশা কী—এসব বিষয়ও আপিলে তুলে ধরা হয়েছে।' প্রসিকিউশনের ভাষ্য, ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে দেওয়া পর্যবেক্ষণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথন, আন্দোলন দমনে পরামর্শ, কারফিউ জারি এবং আন্দোলনকারীদের গ্রেপ্তারের পরামর্শ দেওয়ার বিষয়গুলো তুলে ধরেছে।
