প্রতারণামূলক বার্তা থেকে সুরক্ষা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

বর্তমানে ডিজিটাল প্রতারণার ক্ষেত্রে ভুক্তভোগীকে ফাঁদে ফেলার উদ্দেশ্যে ভুয়া ব্যাংক সতর্কবার্তা, নকল ফোন নম্বর কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কণ্ঠ ব্যবহারের মতো অভিনব সব কৌশল বেছে নিচ্ছে প্রতারকেরা। স্বাভাবিক কথোপকথনের মাধ্যমে আস্থা অর্জনের পর তারা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, অর্থ আত্মসাৎ কিংবা ভুয়া লিংকের মাধ্যমে সংবেদনশীল তথ্য চুরির চেষ্টা করে।
এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম শনাক্ত করতে অ্যান্ড্রয়েড ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিরাপত্তা সুবিধা যুক্ত করছে গুগল। নতুন ব্যবস্থায় জেমিনাই এআই বার্তার বিষয়বস্তু ও কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য প্রতারণা সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক করবে। পাশাপাশি সন্দেহজনক লিংক, স্ক্রিন শেয়ারিং ও কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে প্রতারণা ঠেকাতেও নতুন সুরক্ষাব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা বিশ্লেষণে জেমিনাই : গুগলের নিজস্ব টেক্সট মেসেজিং অ্যাপ মেসেজেস-এ এনহ্যান্সড প্রোটেকশন নামের নতুন একটি অপশনাল সেটিং চালু করা হচ্ছে। এটি সক্রিয় থাকলে অপরিচিত নম্বরের সঙ্গে কথোপকথনে সম্ভাব্য প্রতারণা শনাক্ত করতে গুগলের ক্লাউডভিত্তিক জেমিনাই এআই মডেল ব্যবহার করা হবে। এতে শুধু আলাদা কোনও বার্তার শব্দ নয়, কথোপকথনের ধারাবাহিকতা ও প্রেরকের উদ্দেশ্যও বিশ্লেষণ করা সম্ভব হবে।
গুগল জানিয়েছে, এ বিশ্লেষণ প্রাইভেট এআই কম্পিউট নামের সুরক্ষিত পরিবেশে এনক্রিপ্ট করা তথ্যের মাধ্যমে সম্পন্ন হবে। প্রতিষ্ঠানটির দাবি করেছে, এ প্রক্রিয়ায় তথ্য অন্য কেউ, এমনকি গুগলও দেখতে পারবে না। সুবিধাটি আগামী কয়েক সপ্তাহে পর্যায়ক্রমে চালু হবে বলে জানা গেছে।
সন্দেহজনক লিংক ও বার্তায় সতর্কতা : গুগল মেসেজেসে আগে থেকেই পরিচিত ক্ষতিকর ওয়েবসাইটের লিংক শনাক্তের ব্যবস্থা রয়েছে। নতুন সুবিধায় ফোনে সরাসরি কাজ করা জেমিনাই ন্যানো মডেল ওয়েবের আপডেটেড নিরাপত্তাসংকেত ব্যবহার করে অপরিচিত লিংক যাচাই করবে। ফলে আগে শনাক্ত হয়নি, এমন ফিশিং লিংকেও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা সম্ভব হবে। সুবিধাটি পিক্সেল ১০ ও পরবর্তী মডেল, স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ এবং নির্বাচিত ফোল্ডিং ফোনসহ নির্দিষ্ট ডিভাইসে পাওয়া যাবে।
