ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। এইডিস মশাবাহিত এ রোগে এ নিয়ে চলতি বছর ৩৬৪ জনের প্রাণ গেল। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ১৬ হাজার ৯৯০ জনে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন। আর নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাক উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭১ জন ভর্তি হয়েছেন। দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে ভর্তি হন ২১১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩২০ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ২২৫ জন, চট্টগ্রামে ১৯৭ জন, খুলনায় ১৫৫ জন, ময়মনসিংহে ৪৫, রাজশাহী ১১১, রংপুরে ২৮ এবং সিলেটে ১০ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।