নতুন শেয়ার ছাড়ছে মেটা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় পরিসরে বিনিয়োগ বাড়াতে নতুন ধরনের শেয়ার চালুর পরিকল্পনা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এসব শেয়ারের মালিকরা কোম্পানির বিভিন্ন সিদ্ধান্তে ভোট দেওয়ার অধিকার পাবেন না। তবে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে বিদ্যমান শেয়ারধারীদের ভোটাধিকার অক্ষুণ্ণ রেখেই মূলধন সংগ্রহ করতে পারবে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।

২১ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় নতুন শেয়ার চালুর পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে মেটা। এর আগে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এআই খাতে ব্যয় মেটাতে ভোটাধিকারবিহীন শেয়ার ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।

মেটার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সুসান লি জানান, কোম্পানিটি নতুন এক শ্রেণির ভোটাধিকারবিহীন মূলধনি শেয়ার তৈরি করবে। লভ্যাংশ হিসেবে এসব শেয়ার বিদ্যমান সব শেয়ারধারীর মধ্যে বিতরণ করা হবে।

সুসান লি বলেন, পরবর্তী সময়ে নতুন এই শেয়ার শেয়ারবাজারে লেনদেনযোগ্য হবে। এর মাধ্যমে মূলধন সংগ্রহের পাশাপাশি কর্মীদের পারিশ্রমিক দেওয়া, অন্য প্রতিষ্ঠান অধিগ্রহণ এবং সাধারণ করপোরেট কার্যক্রমে অর্থায়ন করা যাবে। একই সঙ্গে মেটার বিদ্যমান 'প্রতিষ্ঠাতানির্ভর পরিচালনাকাঠামো' বজায় রাখা সম্ভব হবে। অর্থাৎ নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হলেও কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে বর্তমান শ্রেণির শেয়ারধারীদের ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে।

মূলত এআই খাতে দ্রুত বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন থেকেই নতুন এই অর্থের উৎস তৈরির উদ্যোগ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি বর্তমানে বিভিন্ন এআই মডেল, ব্যক্তিগত এআই সহকারী এবং সফটওয়্যার নির্মাতাদের জন্য নতুন প্রযুক্তি তৈরিতে বড় অংকের অর্থ ব্যয় করছে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মেটার আয় হয়েছে ৬৪ বিলিয়ন বা ৬ হাজার ৪০০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ২৬ শতাংশ। তবে একই সময়ে ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় মেটার ব্যয় বেড়েছে ৬৮ শতাংশ। ফলে এআইসহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বিনিয়োগের জন্য নতুন অর্থের উৎস তৈরির গুরুত্ব আরও বেড়েছে।