হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১৪ প্রাণ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে গত একদিনে হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে হামে আটজন ও ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১২২২ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১১১৮ জন। নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জন মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগে ২, চট্টগ্রামে ২ এবং ময়মনসিংহ বিভাগে এক জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫০১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯৯ জন, চট্টগ্রামে ১০৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৭, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৮৪ জন, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১২৫, বরিশালে ৯১, খুলনায় ৭০, ময়মনসিংহে ৪৯, রংপুরে ২৬ ও রাজশাহীতে ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৮৯৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের প্রাণ গেল। এর মধ্যে চলতি অক্টোবর মাসে প্রাণ গেছে ১৩২ জনের। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতাল গুলোতে ১৫৯ জন ভর্তি হন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হন ৩৪১ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮১ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২৫২ জন, চট্টগ্রামে ২৩২ জন, খুলনায় ৩৫৯ জন, ময়মনসিংহে ৭৫, রাজশাহী ১৪১, রংপুরে ৫১ এবং সিলেটে সাতজন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।