মানবসম্পদ তৈরিতে বাউবিকে আরও যুগোপযোগী করা হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শুধু সার্টিফিকেট প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি, বরং সকলের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষ করে তোলার লক্ষ্যেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ করা হয়ে ওঠে না। এই ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে হবে এবং সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আর এটাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে গড়ে তোলার ধারাবাহিকতায় বাউবিকে আরও যুগোপযোগী করা হবে। শিক্ষাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাউবি প্রতিষ্ঠা করেন। এর ফলে শিক্ষাজীবনে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে শিক্ষার আলো অর্জন করতে পারছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও আধুনিক ও উন্নত করা যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি জোর দেন।

দেশের জনগণকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক (টিভেট) শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেছে উল্লেখ করে ড. এহছানুল হক মিলন বলেন, সে লক্ষ্যেই সম্প্রতি 'বেইজিং এগ্রিমেন্ট' স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে এই সেক্টরে দেশ আরও এগিয়ে যাবে। অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত 'ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (আইটিভেট)'-এর শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৯ জন শিক্ষার্থীকে 'ডিন'স অ্যাওয়ার্ড' প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।