অ্যালগরিদম থেকে শিশুদের রক্ষা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় কাটানো শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস ও চিন্তাভাবনায় গুরুতর প্রভাব ফেলতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দ ও অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে একই ধরনের ভিডিও ও পোস্ট বারবার সামনে আনে। ফলে শিশু-কিশোরেরা অনিচ্ছাকৃতভাবে ক্ষতিকর কনটেন্ট, অবাস্তব জীবনযাপনের ধারণা কিংবা বাহ্যিক রূপ নিয়ে নেতিবাচক বার্তার মুখোমুখি হতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু সেটিংস ব্যবহার এবং সচেতন অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এসব প্রভাব কমাতে অভিভাবকেরা সন্তানদের সহায়তা করতে পারেন।

কোনও ভিডিও বা পোস্ট অস্বস্তিকর মনে হলে তাতে লাইক, মন্তব্য বা শেয়ার না করে এড়িয়ে যাওয়া উচিত। পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে থাকা নট ইন্টারেস্টেড, হাইড বা শো লেস অপশন ব্যবহার করলে একই ধরনের কনটেন্ট বারবার সামনে আসার প্রবণতা কমতে পারে।

শুধু একটি বিষয় নিয়ে ভিডিও না দেখে নতুন শখ, খেলাধুলা, শিক্ষা বা ভিন্ন দৃষ্টিভঙ্গির কনটেন্ট খোঁজা যেতে পারে। এতে নিউজফিডে বৈচিত্র্য বাড়তে পারে। পাশাপাশি যে সব অ্যাকাউন্ট অনুসরণ করা হয়, সেগুলোর পোস্ট দেখার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। অনেক অ্যাপে স্ক্রল করার সময় ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করে। সেটিংস থেকে অটোপ্লে বন্ধ করলে কোন ভিডিও দেখবেন, তা নিজেই বেছে নেওয়া সহজ হয়।

উত্তেজনাপূর্ণ বা অবিশ্বাস্য কোনও পোস্ট দেখলেই সেটি বিশ্বাস বা শেয়ার করা উচিত নয়। একটানা স্ক্রল করার বদলে বিরতি নেওয়া এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা যেতে পারে। এতে বারবার ফোন দেখার প্রবণতা কমতে পারে।